চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-গোপালনগরের সাবিরুদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৩৮)।
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১৪ আগস্ট শিবগঞ্জের ওমরপুরের একটি আম বাগান থেকে ৪শ' গ্রাম হেরোইনসহ মনিরুলকে আটক করে র্যাব। ওইদিনই র্যাব-৫, রাজশাহীর ডিএডি সাজ্জাদ হোসেন সেলিম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ অক্টোবর শিবগঞ্জ থানার এসআই ওসমান গনি আদালতে চার্জশিট দাখিল করেন।
ইত্তেফাক/এসএস
