মঙ্গলবার অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সংঘটিত অনিয়ম ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ নির্বাচনটি অংশগ্রহণমূলক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে দেশটি।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, এটা খুবই উত্সাহজনক যে, অনেক রাজনৈতিক দল খুলনা সিটি নির্বাচনে অংশ নিয়েছে। এজন্য সবাইকে অভিনন্দন জানাই। তবে নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও হুমকি দেওয়ার ঘটনা খুবই হতাশাজনক। এসব ঘটনার স্বচ্ছ তদন্ত হওয়া দরকার। বাংলাদেশে আগামীতে যেসব নির্বাচন হবে সেখানে সবগুলো রাজনৈতিক দলকে আইনের শাসনের সীমার মধ্যে থাকতে হবে।
সফররত ইউএসএইড -এর প্রশাসক মার্ক গ্রীনকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত একথা বলেন।
জাতিসংঘের তাগিদ
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বুধবার নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিং এ এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল ও সরকারকে বারবার তাগিদ দিয়ে আসছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
