জেরুজালেমে সহিংসতায় ওআইসির উদ্বেগ

আপডেট : ১৭ মে ২০১৮, ১২:১০
 
জেরুজালেমে ইসরাইলের সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা গ্রহণের জন্য স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) রাষ্ট্রদূত পর্যায়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওআইসির নবনিযুক্ত কাউন্সিল সভাপতি হিসেবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
 
সভার শুরুতে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের পরিপ্রেক্ষিতে ইসরাইলের নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত সহিংসতায় ব্যাপক হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক ও রাষ্ট্রদূত ড. রিয়াদ এইচ. মনসুর। এছাড়া আগামী ১৮ মে তুরস্কে অনুষ্ঠেয় ওআইসি’র বিশেষ জরুরি শীর্ষ সম্মেলনের বিষয়ে সভাকে অবহিত করেন তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফেরিদুন হাদি সিনিরলিওগুলু।
 
সভায় ওআইসিভুক্ত দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরাইলের অমানবিক ও অযাচিত সহিংসতার তীব্র নিন্দা জানান। জরুরি এ সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় কী হতে পারে সে বিষয়েও আলোকপাত করা হয়।
 
সভায় নিরাপত্তা পরিষদের মাধ্যমে এই সাম্প্রতিক সহিংস ঘটনার একটি আন্তর্জাতিক স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয়। এছাড়া সুইজারল্যান্ডের জেনেভাতে আগামী ১৮ মে অনুষ্ঠেয় মানবাধিকার কমিশনের জরুরী সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
 
দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ওআইসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অন্য কোন সদস্য রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে সে বিষয়ে কূটনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। জরুরি এ সভায় অনতিবিলম্বে ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া শুরু করার বিষয়ে আহ্বান জানানো হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ