রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ৬০টি শিশু

আপডেট : ১৭ মে ২০১৮, ১৭:৫৭
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গত ৯ মাসে ১৬ হাজারেরও বেশি শিশু জন্ম নিয়েছে।  বুধবার ইউনিসেফের পাওয়া এক প্রতিবেদন অনুযায়ী, রোহিঙ্গা শিবিরগুলোয় প্রতিদিন গড়ে ৬০টি শিশু জন্ম নিচ্ছে। ফলে গত বছর আগস্ট মাস থেকে এ পর্যন্ত ৯ মাসে জন্ম নেয়া শিশুর সংখ্যা ১৬ হাজারে দাঁড়িয়েছে। 
 
ইউনিসেফ বলছে, মিয়ানমারে সেনা বাহিনীর দমন পীড়ন ও হামলার কারণে ছয় লাখ ৯৩ হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। 
 
এর আগে সেভ দ্যা চিলড্রেন বলছে,  চলতি বছর জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেবে ৪৮ হাজারের বেশি শিশু। ২০১৮ সালের প্রতিদিন প্রায় ১৩০টি শিশুর জন্ম হবে। এসব শিশু চরম অপুষ্টিসহ ডিপথেরিয়া, কলেরা এবং হামের মতো রোগের বড় ঝুঁকিতে পড়বে।
 
ইত্তেফাক/ইউবি