হাটহাজারীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:৫২

হাটহাজারী উপজেলাধীন গুমানমর্দ্দন থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে গুমানমর্দ্দন ইউপি এলাকার ওয়াশীল তালুকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে নিহতের বড় ভাই মো.রাশেদুল ইসলাম ছুটে এসে বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে অশ্রুশিক্ত নয়নে প্রতিবেদককে বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি এর বিচার চাই'।

জানা যায়, সুলতানা পারভিন মনি একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ তিতাগাজী চৌধুরী বাড়ির মো.আলী ও আয়েশা বেগমের কন্যা। বর্তমানে প্রবাসে থাকা স্বামী খোরশেদুল আলমের সঙ্গে নিহত পারভিন ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য জীবনে তায়েফ (৫)  ও বিথনি (২) নামে দুই সন্তান রয়েছে।

মডেল থানার এস আই জসিম জানান, খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে প্রবাসীর স্ত্রীর শ্বশুরবাড়ির নির্মানাধীন তৃতীয় তলার রান্নাঘরের সিলিং ফ্যানের রড়ের সঙ্গে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি করে চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আপাতত এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।

আরও পড়ুনঃ শরণখোলায় ৬ দিন যাবৎ শিশু পুত্রসহ গৃহবধূ নিখোঁজ

গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে মুঠোফোন বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়ে দেখি মহিলার ঝুলন্ত লাশ। তাৎক্ষণিক থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা জানতে চাইলে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ইত্তেফাক/নূহু