প্রাথমিক দলের ক্যাম্পে এখনও ফিটনেস নিয়েই কাজ করছেন ক্রিকেটাররা। স্কিলের কাজ এখনও শুরু হয়নি। তবে প্রতিদিন ফিটনেসের কাজ শেষে অনেক ক্রিকেটারই ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। গতকালও সকালে বিসিবি একাডেমি মাঠে মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা ব্যাটিং, বোলিং করেছেন।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি তাই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে শুরু করে দিয়েছেন। বলার অপেক্ষা রাখে না, এই সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আফগানদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। বিশেষ করে দুই লেগ স্পিনার রশিদ খান ও মুজিব জাদরান।
গতকাল অনুশীলন শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, আফগান সিরিজে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। রশিদ-মুজিবদের মোকাবেলা করার সামর্থ্য বাংলাদেশের ব্যাটিং লাইনের রয়েছে বলে বিশ্বাস করেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। র্যাংকিংয়ে এগিয়ে থাকা আফগানদের হারিয়ে নিজেদের উত্তরণের সুযোগও দেখছেন মাহমুদউল্লাহ।
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। ব্যাটিংয়ে ভালো স্কোর গড়ে বোলারদের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ। গতকাল তিনি বলেন, ‘ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে যেন আমরা ভালো করে পারফর্ম করতে পারি। এবং বোলারদের ভালো একটি পুঁজি দিতে পারি। কারণ আমরা জানি ওদের বোলিংয়ে ভালো বৈচিত্র্য আছে। আমার মনে হয় খুব ভালো একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য।’
ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব-নাজমুল অপুদের সমন্বয়ে বাংলাদেশের বোলিং বিভাগ নিয়েও আশাবাদী মাহমুদউল্লাহ। নিদাহাস ট্রফির মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান তিনি। অভিজ্ঞ এ ক্রিকেটার বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ের গভীরতা যেহেতু আছে ওইটার উপরে আমাদের জোর দিতে হবে। আর আমাদের বোলিং বিভাগও ভালো করছে। সাকিব আছে, অপু আছে, মিরাজ আছে; আমাদের বোলিংয়েও বৈচিত্র্য আছে। যদি বোলিং সামর্থ্যের কথা বলেন, ওদের শক্তি আমাদের শক্তি ভিন্ন। ওইটা নিয়ে বরং মাথা না ঘামিয়ে আমরা আমাদের শক্তিগুলোর দিকে ফোকাস করে যেন যেভাবে নিদাহাস ট্রফিতে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছি সেই জিনিসগুলো যদি প্রয়োগ করতে পারি তাহলে ইতিবাচক ফলাফল আশা করতে পারি।’
রশিদ-মুজিবদের বোলিং ফুটেজ দেখা শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাহমুদউল্লাহর বিশ্বাস আফগানদের সামলানোর সামর্থ্য আছে ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখেছি। যদিও আমি মুজিবকে এখনও মোকাবেলা করিনি। রশিদ খানকে খেলা হয়েছে। এরআগে যখন হোম কন্ডিশনে আফগানিস্তানের সাথে খেলেছি, তখন খেলেছি আমরা।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আগেও বলেছি ওদের বোলিং আক্রমণের যে বৈচিত্র্য আছে আমাদের ব্যাটিং লাইনের ওই সামর্থ্য আছে যে ওদের বোলারদের মোকাবেলা করা। এবং সঠিকভাবে নিজেরদের প্রয়োগ করা। চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আপনি যদি র্যা?ংকিং দেখেন ওরা আটে আমরা দশে। আমার মনে হয় আমাদের জন্য ভালো একটা সুযোগ।’
টি-টোয়েন্টিতে বড় দল ছোট দলের ব্যবধান কম। নির্দিষ্ট দিনে ভালো করলে জয়ের সুযোগ দেখেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভবে মনে করি টি টোয়েন্টি ফরম্যাটে আপনার বড় টিম ছোট টিম বলতে কিছু নেই। আপনি যদি ভালো পারফর্ম করেন নির্দিষ্ট দিনে আপনি যে কাউকে হারাতে পারবেন। বলার অপেক্ষা রাখে না আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে আফগানিস্তান হোক, ভারত কিংবা অস্ট্রেলিয়া যে কারো সাথেই খেলি না কেন।’
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উন্নতির সুযোগও দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা সিরিজ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ।’
ইত্তেফাক/রেজা
