প্রতিবন্ধীদের সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করছে : নুরুল ইসলাম বিএসসি

আপডেট : ১৯ মে ২০১৮, ১৫:২১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সরকার প্রতিবন্ধীদের সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। 
 
শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের (এফডিসি) ৮ নম্বর ফ্লোরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি-প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যুক্তি আলোয় দেখি’বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের বোঝা নয়। দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের উন্নয়ন ও সুরক্ষায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা খুবই নিষ্ঠাবান হয়। তাদের ভুলভ্রান্তি হয় কম। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
 
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের বক্তব্য শুনে আবেগআপ্লুত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ৫ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। এছাড়া ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরো সহযোগিতার আশ্বাস দেন।   
 
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, মু. শাহ আলম চৌধুরী, অধ্যাপক রোকেয়া পারভীন জুঁই, সাংবাদিক ফারিয়া হোসেন, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বাসস
 
ইত্তেফাক/ইউবি