গাজীপুর সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীককে বিজয় করতে তত্পর হয়ে উঠেছে কেন্দ্রীয় নেতারা। গাজীপুরে দলীয় সকল কোন্দল মিটিয়ে নৌকাকে বিজয় করতে সবাইকে গাজীপুরের মাঠে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী কাজ করার আহ্বান জানিয়েছেন শীর্ষ নেতারা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা বিজয়ের পর উজ্জীবিত আওয়ামী লীগের নেতাদের এখন টার্গেট গাজীপুরের দিকে। কেন্দ্রীয় নেতারা মনে করেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দল মিটেয়ে গেলে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠ প্রাঙ্গণে রবিবার সকালে মো. জাহিদ আহসান রাসেল এমপি’র বাস ভবনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, কর্নেল ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দিপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মুহিবুল হাসান নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক মো.আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ।
বৈঠকে যোগ দেয়া এক আওয়ামী লীগ নেতা জানান, কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমন্বয় বৈঠকের অন্যতম দিক ছিল মূলত গাজীপুরে দলীয় কোন্দল নিরসন এবং আসন্ন সিটি কর্পোরেশর নির্বাচনে নৌকা প্রতীকের জয় লাভ করাতে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা। সভায় নেতারা মত প্রকাশ করেন যে, খুলনার জনগণ সরকারের উন্নয়নের কারণে ভোট দিয়েছে। সরকারের সাফল্য তৃণমূল জনগণের মাঝে পৌঁছানো হয়েছে বলে নৌকার বিজয়ে তা সহায়ক ভূমিকা রেখেছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের উন্নয়নের বার্তাকে গাজীপুরের জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য নৌকার কোন বিকল্প নেই। নৌকার প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং সারাদেশে সরকারের উন্নয়নের দিকসমূহ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুরের নেতাদের নির্দেশ দেন।
পরে রবিবার বিকাল পর্যন্ত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নগরীর টঙ্গী ৫৫নং ওয়ার্ডে চারটি কর্মী সভা ও ইফতার মাহফিলে যোগ দেন।
ইত্তেফাক/কেকে
