ফরিদপুরে দুদকের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষকের কারাদণ্ড

আপডেট : ২১ মে ২০১৮, ১৫:০৫
ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক আব্দুল হাই'কে (৫৫) নয় বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ফরিদপুরের আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
 
আজ সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের জজ মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আব্দুল হাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৮-৯৯ অর্থ বছরে শরীয়তপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঠিকাদারদের কর্তনকৃত আয়কর ও ভ্যাট বাবদ ছয় লাখ ৬৮ হাজার ১১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছিলেন শরীয়তপুর পৌরসভার তৎকালীন হিসাব রক্ষক আব্দুল হাই।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয় (দুদক) ফরিদপুরের আইনজীবী মো. মজিবর রহমান বলেন, এই অভিযোগে ২০০২ সালের ২৫ সেপ্টেম্বর শরীয়তপুরের পালং থানায় তৎকালীন জেলা দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মোফাজ্জেল হোসেন হাওলাদার বাদী হয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন বলে জানান তিনি।
 
দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ফজলুল হক জানান, আব্দুল হাই আদালতের নির্দেশে জামিনে ছিলেন। আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির হন। রায় ঘোষণার পরে আদালত থেকে তাকে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস