‘সহজ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন

আপডেট : ২১ মে ২০১৮, ২০:৩০
‘জীবনটাকে সহজ করুন’ এই ধারণাকে সামনে রেখে বাংলাদেশের মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে তথ্যপ্রযুক্তির বিভিন্ন সার্ভিস সবার কাছে আরও নতুন আঙ্গিকে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে ‘সহজ’। এসব সেবার মধ্যে রয়েছে অনলাইনে টিকেটিং, রাইড শেয়ারিং সার্ভিস। সেই ‘সহজ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। 
 
সোমবার প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। আইসিটি মন্ত্রণালয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন সহজ এর প্রতিষ্ঠাকারী ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং সহজ এর নবনিযুক্ত ব্র্যান্ড আম্ব্যাসেডর তাসকিন আহমেদ।
 
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘প্রযুক্তির এই যুগে যোগাযোগ ও ছুটে চলাই সব। গত চার বছরেরও বেশি সময় ধরে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ‘সহজ’ সর্বসাধারণের কাছে বিভিন্ন পর্যায়ের টিকেটিং সার্ভিস পৌঁছে দিচ্ছে। খুব অল্প সময়ে দেশের অন্যতম প্রধান জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস হিসেবে ‘সহজ রাইডস’ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমি আশা করব, এভাবে অন্যরাও এগিয়ে আসবেন নিজস্ব জায়গা থেকে। কেননা এ ধরনের উদ্যোগ জীবনটাকে সহজ করার পাশাপাশি কর্মসংস্থানের ও সুযোগ তৈরি হবে। যার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সক্রিয় ভুমিকা পালন করবে।’
 
সহজ এর নবনিযুক্ত ব্র্যান্ড আম্ব্যাসেডর তাসকিন আহমেদ বলেন ‘জীবনটাকে সহজ করুন’ এই ধারণাকে সামনে রেখে মানুষের নিত্যদিনের চাহিদা পূরণে সহজ যে ডিজিটাল সেবা দিচ্ছে তার সঙ্গে এক হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আগামীতে সহজের বেশকিছু সমাজ উন্নয়ন ও প্রচারণামূলক কর্মকাণ্ডে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবো, সেইদিনগুলোর জন্যে মুখিয়ে আছি।
 
ইত্তেফাক/কেআই