সৌদিতে বাদশাহ ও যুবরাজকে ক্ষমতাচ্যুত করার আহবান নির্বাসিত প্রিন্সের

আপডেট : ২২ মে ২০১৮, ০৯:৫৬
 
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ক্ষমতাচ্যুত করার আহবান জানিয়েছেন প্রিন্স খালেদ বিন ফারহান। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি তার চাচাকে ক্ষমতা গ্রহণের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, তার আহবানে ইতোমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন।
 
জার্মানিতে নির্বাসিত প্রিন্স খালেদ বিন ফারহান। তিনি প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজ এবং প্রিন্স মুকরিন বিন আব্দুল আজিজকে আহবান জানিয়েছেন, তারা যেন বর্তমান বাদশাহকে সরিয়ে দিয়ে ক্ষমতা নেন। কারণ বর্তমান বাদশাহ এবং ছেলে যুবরাজ সালমান রাজপরিবারের অনেক ক্ষতি করেছেন যে মর্যাদা আর ফিরে পাওয়া যাবে না। বাদশাহের অযৌক্তিক ও বাজে সিদ্ধান্তের কারণেই সৌদি রাজপরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করেন।
 
ফারহান বলেন, সম্প্রতি বাদশাহ সালমানের বড় ভাই মামদুহ বিন আব্দুল আজিজ যে বিবৃতি দিয়েছেন তাতে রাজপরিবারের মধ্যে যে বড় ধরনের অসন্তোষ তৈরি হয়েছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বাদশাহ এবং তার ছেলেকে ক্ষমতা থেকে সরালে পুলিশ এবং সেনাবাহিনীসহ সবাই তাদের সমর্থন জানাবে। ইতোমধ্যে তিনি সেনাবাহিনী এবং পুলিশের কাছ থেকে অভ্যুত্থানের সমর্থনে অনেক ই-মেইল পেয়েছেন বলেও জানান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ