পটুয়াখালীতে মার্কিন অর্থায়নে নির্মিত আশ্রয়কেন্দ্র উদ্বোধন

আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ২১:২১

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মার্কিন অর্থায়নে নির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি এবং ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ডেরিক ব্রাউন এটির উদ্বোধন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইউএসএআইডি।

নতুন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রটির অবস্থান উত্তর ঝাটিবুনিয়া সরকারি প্রাথমিক স্কুলে। দুর্যোগের সময় এতে প্রায় ১৮০০ মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া এটি ১৮০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোর বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এ প্রকল্পটির ব্যবস্থাপনা অংশীদার ছিল।

ইউএসএআইডি বাংলাদেশ মিশনের পরিচালক ডেরিক ব্রাউন বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারির ঐতিহ্যকে অব্যাহত রাখতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র সরকারের প্রধান সংস্থা ইউএসএআইডি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমনে এর সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইউএসএআইডি বাংলাদেশ মিশন দেশজুড়ে বিভিন্ন স্থানে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে বহুমুখী বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রসহ ঢেউ থেকে সুরক্ষা দেয়াল আর মাটির বাঁধ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে অর্থায়ন করে থাকে।

আরও পড়ুনঃ মুসলিমদের ‘গ্রিন ভাইরাস’ বলায় টুইটারে ব্লক যোগী

সংস্থাটি ২০০১ সাল থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ দেশের উপকূলীয় অঞ্চলে ৫শ’র বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় এগুলো নয় লাখ মানুষকে সুরক্ষা দিতে সক্ষম। এই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো বর্তমানে বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে আশ্রয় দিয়ে থাকে।

ইত্তেফাক/টিএস