জম্মু-কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে নিয়ন্ত্রণরেখার কাছে আখনুরে কেরি বাট্টাল এলাকায় ৮ মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধাসহ আরো ২ জন।
জানা গেছে, পাকিস্তান বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএসএফের অন্তত ৩০টি নিরাপত্তা চৌকিসহ সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা লাগোয়া জম্মু ও সাম্বা সেক্টরের পঁচিশটি গ্রাম। এতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে সব স্কুল বন্ধ করে দেয়া হয়।
জম্মু পুলিশের আইজি এস ডি সিংহ জানিয়েছেন, সোমবার সকাল থেকেই লাগাতার গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি বাহিনী। মঙ্গলবার ভোর থেকে তা আরো বেড়ে যায়। গোলাবর্ষণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মুর আরনিয়া সেক্টর। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
