প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বহুল চর্চিত ছবি দহন। সামাজিক ও রাজনৈতিক গল্পের ভিত্তিতে নির্মিতব্য ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন। এই বিষয়টি প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয় অভিনেত্রী বাঁধনও থাকছেন ছবিতে। কিন্তু সেই প্রতীক্ষিত ছবিটিই আর করছেন না বাঁধন।
জানা গেছে, শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে এই লাক্স সুন্দরীর।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বাঁধন বলেন, শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না। আসলেই অনেক প্রতীক্ষিত ছবি ছিল। কিন্তু ভাগ্য সহায় নেই। তবে আগামীতে জাজের ছবিতে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই লাক্স তারকা।
রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জানানো হয়, ‘দহন’-এর নায়িকা হতে যাচ্ছেন বাঁধন। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এই ছবিতে কাজের জন্য তিনি কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাইক চালানো শিখেছেন, ১৬ কেজি ওজন কমিয়েছেন। এই ছবির শুটিং শুরুর কথা ছিল ১০ মে। কিন্তু অনুমতি না পাওয়ায় শুটিং পেছাতে হয়েছে। নতুন করে যখন শুটিংয়ের তারিখ নির্ধারণ করেছে জাজ, তখন জানা গেল ওই তারিখে বাঁধনের শিডিউল নেই। তিনি ব্যস্ত থাকবেন পারিবারিক কাজে।
ইত্তেফাক/রেজা
