সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে আজ বুধবার গরুর খড় শুকানোর সময় বজ্রপাতে জয় সেন দাস (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নিখিল দাসের ছেলে।
আজ দুপুরে হাওরে খড় শুকানোর সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তার আত্মীয় স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুমন রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে যাওয়ার কারণেই তিনি মারা যান।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস
