ব্যবহারকারীদের কাছে গোপন নগ্ন ছবি চাইছে ফেসবুক

আপডেট : ২৪ মে ২০১৮, ১৩:৪৮
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রিটিশ ব্যবহারকারীদের কাছে তাদের গোপন নগ্ন ছবি পাঠানোর আহবান জানিয়েছে। ‘রিভেঞ্জ পর্ন’ বা প্রতিশোধমূলক ভাবে এক ব্যবহারকারী ফেসবুকে অপর ব্যবহারকারীর গোপন নগ্ন ছবি ছড়িয়ে দেয়ার ঘটনা নিয়ন্ত্রণ করতে এমন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এ খবর দিয়েছে বিবিসি।
 
খবরে বলা হয়, কোন ব্যবহারকারীর যদি মনে হয় যে, তার কোন ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অন্য কোনও ব্যক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে এই আইডিয়াটি কাজ করবে। অনলাইনে ওই ছবি প্রকাশিত হওয়ার আগেই তা ব্লক করে দেবে ফেসবুক কর্তৃপক্ষ। শিশুদের যৌন হয়রানিমূলক ছবি ছড়িয়ে পড়া ঠেকাতেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
 
প্রাথমিকভাবে ফেসবুক কর্তৃপক্ষ অস্ট্রেলিয়াতে এই প্রক্রিয়াটি পরীক্ষামূলক ভাবে চালু করেছে। এখন তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও এটি শুরু শুরু করতে যাচ্ছে। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন,  ব্রিটেনের মানুষদের জন্য বিষয়টি উন্মুক্ত করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ায় প্রক্রিয়াটি কতটা সফল হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, কোন ব্যক্তি যদি তার গোপন কোন ছবি ছড়িয়ে পড়ার আশঙ্কায় থাকেন তাহলে তাদেরকে এই পরীক্ষামূলক প্রযুক্তিটি ব্যবহারের জন্য যোগাযোগ ফেসবুকের যেকোনো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেমন, যুক্তরাজ্যের জন্য কোন ব্যক্তি, ‘রিভেঞ্জ পর্ন হেল্প-লাইনে’ যোগাযোগ করতে পারেন। সেখানকার কর্মীরা এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবে এবং ওই ব্যক্তিকে ছবি আপলোড করার জন্য একটি বিশেষ লিংক পাঠাবে।
 
IMG0
ফেসবুকের নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক প্রধান অ্যান্টিগন ডেভিস  বলেন, এই ছবি দেখতে পাবে কেবলমাত্র পাঁচজন প্রশিক্ষিত পর্যালোচকদের নিয়ে গঠিত ক্ষুদ্র একটি দল। তারা ছবিটিতে ‘ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট’ সংযোজন করবে। এরপর সেই কোডটি ডাটাবেজ-এ সংরক্ষণ করা হবে। অন্য কোন ব্যক্তি যদি সেই একই ছবি কোনভাবে আপলোড করার চেষ্টা করে কোডটি তখন শনাক্ত করবে এবং সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে প্রকাশ হওয়ার আগেই আটকে দেবে। 
 
পরীক্ষামূলক এই পদ্ধতির কার্যকারিতার হার নিয়ে ডেভিস বলেন, যেহেতু ‘ফটো-ম্যাচিং’ প্রযুক্তির বিষয় জড়িত তখন ১০০% নিশ্চয়তা দেয়া যাবে না। কারণ ছবিকে বিকৃত করা সম্ভব তাই মূল ছবি থেকে সেগুলো আলাদা হতে পারে।
 
ইত্তেফাক/ জেআর