কিমের সাথে বৈঠক হতেও পারে: ট্রাম্প

আপডেট : ২৬ মে ২০১৮, ১১:৩৮
 
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক হবে না - এ কথা ঘোষণার একদিন পরই এখন মার্কিন প্রেসিডেন্টের মুখে উল্টো কথা শোনা যাচ্ছে। তিনি এখন বলছেন, ১২ই জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে তার যে শীর্ষ বৈঠক হবার কথা ছিল - তা হয়তো হতেও পারে।
 
শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা দেখছি কি হয়, এমন কি ১২ তারিখেও এটা হতে পারে। আমরা এখন তাদের সাথে কথা বলছি। তারা খুব করে চাইছে এটা হোক, আমরাও এটা করতে চাই’’ 
 
একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ওই শীর্ষ বৈঠক ভেস্তে যাবার জন্য উত্তর কোরিয়ার ‘নগ্ন বৈরিতা’কে দায়ী করেন। কিন্তু উত্তর কোরিয়া এর পরে বলে যে তারা ‘যে কোন সময় যে কোন ভাবে’ এই বৈঠক করতে চায়।
 
উল্লেখ্য, ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্ভাব্য পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে রাজী আছেন - এমন ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। কিন্তু মার্কিন কর্মকর্তারা নিরস্ত্রীকরণের ব্যাপারে লিবিয়ার দৃষ্টান্ত দিয়ে সংবাদমাধ্যমে কথা বলার পর উত্তর কোরিয়া ক্ষিপ্ত হয়।
 
উত্তর কোরিয়া বলেছিল, তারা একটি পূর্ণ পারমাণবিক শক্তিধর দেশ - লিবিয়া নয়, এবং তাদের নেতৃত্ব বা রাষ্ট্র বিপন্ন হতে পারে এমন কোন শান্তি প্রক্রিয়ায় তারা জড়িত হবে না।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ