স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ পেলে দক্ষ নারী নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।
আজ শনিবার ২৪ রংপুর-৬ (পীরগঞ্জ) নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় প্রকল্প)’-এর প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয় অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সকল স্তরের নারীকে অর্থনীতির মূলধারার সাথে সম্পৃক্ত করতে পারলে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন এবং প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এমআই
