ট্রাম্পের সঙ্গে বৈঠক ও পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রতিজ্ঞাবদ্ধ উ. কোরিয়া

আপডেট : ২৭ মে ২০১৮, ১৫:২১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসা নিয়ে ও কোরীয় উপদ্বীপের সম্পূর্ণরূপে পারমাণবিক নিরস্ত্রীকরণে প্রতিজ্ঞাবদ্ধ উত্তর কোরিয়া। আজ রবিবার এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। তিনি জানান, উত্তর কোরিয়া উভয় বিষয়ে তাদের প্রতিশ্রুতির কথা পুনরায় নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
 
খবরে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আগামী মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈঠক  বাতিল করে দিয়েছিলেন ট্রাম্প। নানা নাটকীয়তা শেষে শনিবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এখনো বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এর মধ্যে সবাইকে অবাক করে দিয়ে শনিবার সাক্ষাৎ করেন মুন ও কিম। কিমের সঙ্গে তার সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে মুন জানান, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকটি অবশ্যই অনুষ্ঠিত হতে হবে।
 
মুন বলেন, চেয়ারম্যান মুন ও আমি সম্মত হয়েছি যে, জুনের ১২ তারিখে পরিকল্পিত বৈঠকটি সফলভাবে অনুষ্ঠিত হওয়া দরকার। এদিকে, আজ উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসা নিয়ে মনস্থির করে ফেলেছেন।
 
হোয়াইট হাউজ থেকে একটি দল এই সপ্তাহান্তে বৈঠকের জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নিতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।
 
ইত্তেফাক/ জেআর