যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্য অব্যাহত রাখতে আন্তর্জাতিক মানের কোচ সুবিধাসহ আনুষঙ্গিক সব সুবিধা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। আজ রবিবার কমিটি সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, এ এম নাইমুর রহমান, মো. নুরুল ইসলাম তালুকদার, আমাতুল কিবরিয়া কেয়া চৌ. বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় মাদক প্রতিরোধকল্পে যুব সমাবেশ, র্যালি, মানববন্ধন ও অন্যান্য জনসচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে এবং ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনকারী নারীদের ক্রীড়াক্ষেত্রে সাফল্য, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, ২০১৭ -২০১৮ অর্থবছরে যুব সংগঠন ও সফর যুবদের অংশগ্রহণে মাদকের অপব্যবহার রোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখাসহ প্রতিটি জেলায় ২টি, উপজেলায় ২টি, প্রধান কার্যালয়ে ২টিসহ মোট ১ হাজার ১২০টি জনসচেতনতামূলক কর্মশালা আয়োজনের সংস্থান রাখা হয়েছে। প্রধান কার্যালয়ে ২ টি কর্মশালা করা হয়েছে।
ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনকারী নারীদের জাতীয় মহিলা ক্রৗড়াসংস্থার মাধ্যমে সংসদীয় কমিটিতে উপস্থিত করে তাদের বক্তব্য শোনার জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের উত্তরোত্তর সাফল্যকে ধরে রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে আরো সফলতার স্বাক্ষর রাখার জন্য আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও রাখাসহ তাদের উন্নত নিউট্রেশন ব্যবস্থা এবং জিমনেশিয়াম ব্যবহারের প্রতি আরও নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই
