সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট

আপডেট : ২৭ মে ২০১৮, ১৯:৫২
রমজানে বিদ্যুতের চাহিদা দ্রুতগতিতে বাড়ছে। চলতি রোজার মাসের দিনগুলোর মধ্যে গত শনি ও রবিবার ছিল সবচেয়ে বেশী তাপমাত্রার দিন। এই গরমে গ্রাহকদের চাহিদা মেটাতে শনিবার এখন পর্যন্ত দেশের সবচেয়ে বেশী বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এ দিন ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এর আগে গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। 
 
পিডিবির বিদ্যুৎ উৎপাদন রিপোর্টে গত দুই দিন কোনো লোডশেডিং হয়নি বলে উল্লেখ করা হয়েছে। যদিও রবিবারও দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হয়েছে বলে ইত্তেফাকের জেলা ও উপজেলা প্রতিনিধিরা জানিয়েছেন। 
 
এ প্রসঙ্গে পিডিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে এখন প্রায় ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু সঞ্চালন ও বিতরণ লাইনে ত্রুটি এবং সর্বোপরি কেন্দ্র উৎসে সক্ষমতা কম থাকায় সে অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। 
 
ইত্তেফাক/এমআই