গাজায় ইসরাইলের গোলাবর্ষণে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার ইসরাইল-গাজা সীমান্তে একটি বিস্ফোরক পাওয়া যাওয়ার পর গাজার এক পর্যবেক্ষণ স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি ও ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, রবিবারের হামলার একদিন আগে হামাসের দু’টি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে ওই হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের হামলায় নিহতদের মধ্যে দু'জনের পরিচয় সনাক্ত করা গেছে। এদের একজনের নাম হুসেইন আল-আমোর(২৫)। অপরজনের নাম আব্দুল হালিম আল নাকা(২৮)।
উল্লেখ্য, মার্চের শেষের দিক থেকে ইসরাইলে নিজের পিতৃপুরুষের ভূমিতে ফেরার দাবিতে ইসরাইল-গাজা সীমান্তে বিক্ষোভ করে আসছে হাজার হাজার ফিলিস্তিনি। এখন পর্যন্ত ওই বিক্ষোভে ১১৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে উন্মুক্ত গুলি ছোড়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে ইসরাইল।
ইত্তেফাক/ জেআর
