বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হলে আপনাদের বুকটা কাঁপে কেন?
সোমবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি প্রদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলে আপনাদের বুক কাঁপে এইজন্য যে, আপনারা (বিএনপি) এখনও পাকিস্তানি ভাবধারার চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেননি। তাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর হলেই পাকিস্তানের যেমন বুক কাঁপে বিএনপিরও বুক কাঁপে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানের সাথে বিএনপির মিল অাছে।
‘প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে জয়লাভের নিশ্চয়তা বিধান করতে ভারত সফর করেছেন’ সাম্প্রতিক বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ভারত এসে ভোট দিবে না, ভোট দিবে দেশের জনগণ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আমরা অন্য কারো ক্ষমতায় বিশ্বাস করিনা। আওয়ামী লীগ সব সময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেছে ও জনগণের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে দেশ পরিচালনা করেছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সাংবাদিক রফিকুল ইসলাম রনি, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রমুখ।
ইত্তেফাক/এমআই
