ভারতের তিন রাজ্যে ঝড়ে ও বজ্রপাতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। রবিবার ও সোমবার উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে এসব ঘটনা ঘটেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটির বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন ছয় জন।
এদিকে, রবিবার ঝড়ো বাতাস ও বজ্রপাতে ঝাড়খণ্ডে নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। এছাড়া উপড়ে পড়েছে কয়েক ডজন গাছ ও বৈদ্যুতিক খুঁটি। এছাড়া বিহারে দু’দিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের বারাবানকি, গোরখাপুর, কুশিনগর ও আজমগর জেলায় পরবর্তী ২৪ ঘণ্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে।
এছাড়া বিহারেও ঝড়ো বাতাস ও বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র, গোয়া, কেরালা ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চলেও।
জেলেদের এই সময়ে সাগরে মাছ ধরতে নিষেধ করা হয়েছে।
ইত্তেফাক/ জেআর
