তিন টাকার সাংবাদিক গুণার সময় নেই ইউপি চেয়ারম্যানের

আপডেট : ২৯ মে ২০১৮, ১৯:১৭
অতি-দরিদ্রদের জন্য কর্মসৃজন (৪০ দিনের কর্মসৃজন) প্রকল্পের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের কটূক্তি করার অভিযোগ উঠেছে যশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়ার বিরুদ্ধে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদের মধ্যে চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা আবু জাফর এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জগদিশপুর ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খানের উদ্দেশ্যে এ কটূক্তি করা হয়।
 
আজ দুপুর ১টার সময় উপজেলা পরিষদে পেশাগত কাজে যান সাংবাদিক আবু জাফর। তিনি পরিষদের উত্তর গেটে দাঁড়িয়ে তবিবর রহমান খানের সাথে কথা বলছিলেন। এসময় হঠাৎ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে বেরিয়ে তবিবর রহমান খানকে উদ্দেশ্য করে বলতে থাকেন- 'সাংবাদিকদের সাথে কিসের কথা?' এর জবাবে তবিবর রহমান খান বলেন, 'আপনি গিয়ে বসেন আমি একটু কথা বলে আসছি।' তখন তোতা মিয়া বলেন, 'প্রেসক্লাবের তিনটাকার সাংবাদিক গুণার টাইম নেই। ওরা যত পারে লিখুক। তিনটাকায় কেনা যায় যেসব সাংবাদিক তাদের সাথে কোন কথার দরকার নেই। প্রেসক্লাবে কেমন সাংবাদিক আছে ওসব আমরা জানি।'
 
প্রসঙ্গত, চৌগাছায় চলমান কর্মসৃজন প্রকল্পে চৌগাছা উপজেলার প্রায় দুই কোটি টাকা হরিলুট হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রকল্পে সুখপুকুরিয়া ইউনিয়নে প্রায় চারশ' শ্রমিক কাজ করার কথা থাকলেও কোথাও কোন কাজ করানো হচ্ছে না। কাজ না করেই সমুদয় টাকা তুলে নেয়ার পায়তারা করা হচ্ছে। গত ১৯ মে চৌগাছার ৭ ইউপি চেয়ারম্যান যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আহ্বান জানান ফের তাদের প্রকল্প এলাকা পরিদর্শন করে সরেজমিন সংবাদ প্রকাশ করার জন্য। তাদের আহ্বানে সাড়া দিয়ে আবারো সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হলে কর্মসৃজন প্রকল্পের লেবার পেমেন্ট আটকে দেয় মন্ত্রণালয়। কাজের পরিমাপ পূর্বক তদন্ত শেষ না করে কর্মসৃজনের কোন বিল যেন চেয়ারম্যানদের অনুকূলে ছাড় না করা হয় এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তার অফিসকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এতেই সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া এই বুলি ঝাড়েন।
 
চৌগাছা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর ও ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
 
তবে, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই সাংবাদিকের ওরকম কোন কটুকথা আমার হয়নি। তার সঙ্গে কেবল কুশল বিনিময় হয়েছে।
 
ইত্তেফাক/এসএস