কালিয়ায় কিশোরী খুনের অভিযোগ, আটক ১

আপডেট : ২৯ মে ২০১৮, ১৯:৩৫
নড়াইলের কালিয়ায় বন্ধুত্বের ফাঁদে ফেলে রোজিনা (১৩) নামে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বখাটে আজিম বিশ্বাসের (১৬) বাবা হেফজুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে আজিম বিশ্বাস নিখোঁজ রয়েছে। উপজেলার চর জামরিলডাঙ্গা গ্রামে ঘটেছে ওই হৃদয় বিদারক ঘটনা। ওই ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছে।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কালিয়া উপজেলার জামরিল জেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী জামরিলডাঙ্গা গ্রামের আকিবর মল্লিকের মেয়ে রোজিনার সঙ্গে ওই গ্রামের হেফজুল বিশ্বাসের ছেলে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আজিম বিশ্বাসের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ মে রাতে রোজিনার সঙ্গে দেখা করতে গেলে আপত্তিকর অবস্থায় পেয়ে রোজিনার বাড়ির লোকজন আজিমকে আটক করে রাখে। আজিমের বাবাকে আটকের খবর জানালে তিনি এ ব্যাপারে কিছু করতে রাজি হননি। পরদিন সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে আজিম কৌশলে রোজিনাদের বাড়ি থেকে পালিয়ে যায় এবং এর কিছু সময় পর রোজিনাও বাড়ি থেকে নিখোঁজ হয়।
 
রাতে তাকে খুঁজে পাওয়া না গেলেও মঙ্গলবার সকালে গ্রামের রাস্তার পাশে একটি গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। তার স্বজনরা পুলিশে খবর দিলে কালিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। 
 
অপর দিকে রোজিনার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা আজিমের বাবাকে বাড়ি থেকে আটক করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসে। রোজিনার চাচা তকিবর মল্লিক বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
 
শিশুকন্যার মৃত্যুর খবর শুনে রোজিনার বাবা আকিবর মল্লিক বারবার মূর্ছা গিয়ে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন।
 
রোজিনার চাচা তকিবর মল্লিক অভিযোগ করেন, আমার ভাতিজিকে ওরা খুন করে গাছে ঝুলিয়ে রেখেছে। ময়না তদন্ত হলে সত্যতা বেরিয়ে আসবে। তাকে হত্যা করার আগে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে।
 
স্থানীয় পেড়লী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বর গোলাম রব্বানী জানান, মেয়েটিকে হত্যা করে লাশ গাছে ঝুলানো হয়েছে বলে মনে হচ্ছে। তার পা মাটিতে লাগানো ছিলো।
 
আজিমের বাবা হেফজুল বিশ্বাস ছেলের সম্পর্কের ও আটকের সত্যতা স্বীকার করে বলেছেন, রোজিনাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আজিমের কোন সন্ধান তিনি পাননি।
 
কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ একরাম হোসেন রোজিনার মৃত্যুকে রহস্যজনক দাবি করে বলেছেন, ওই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। রোজিনার স্বজনদের হাতে আটক আজিমের বাবা হেফজুলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/নূহু