একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৩৬ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ করা হয়েছে।
মঙ্গলবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৮১ তম দিন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে।
মঙ্গলবার বিএনপি নেতা ও ডিসিসি’র সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আরিফের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন তার আইনজীবী আবদুস সোবহান তরফদার। কালও এ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ করা হবে। এছাড়া বেগম খালেদা জিয়ার ভাগ্নে মামলার আসামি সাইফুল ইসলাম ডিউকের পক্ষে তার আইনজীবী আবদুর রেজাক খান যুক্তিতর্ক পেশ শুরু করেন। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত রয়েছে। বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করা রয়েছে।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেছে। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
আদালতে মঙ্গলবার রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট মো. আমিনুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ। অপরদিকে আসামিপক্ষে আবদুস সোবহান তরফদার, আবদুর রেজাক খান ছাড়াও বিভিন্ন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রায় দশ বছর ধরে চলা এ মামলার বিচার শেষ হওয়ার পথে। ৪৯ আসামির মধ্যে এরই মধ্যে ৩৬ জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষও। এই মামলার ৫২ আসামির মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অন্য মামলায়।
ইত্তেফাক/এমআই
