মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উ. কোরিয়ার বিশেষ দূত

আপডেট : ৩০ মে ২০১৮, ১৫:০০
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন উত্তর কোরিয়ার বিশেষ দূত ও সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল কিম ইয়ং-চল। বৃহস্পতিবার মাইক পম্পেওর সঙ্গে করবেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিশ্বস্ত সহকারী কিম ইয়ং-চল। আগামী মাসে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে পম্পেওর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন তিনি।
 
পম্পেওর মুখপাত্র জানান, জেনারেল কিম ও পম্পেওর মধ্যে এটা হবে তৃতীয় বৈঠক। এর আগে আরো দু’বার বৈঠক করেছেন দুই দেশের শীর্ষ এই দুই কর্মকর্তা। মুখপাত্র বলেন, বৈঠকটি আসলে কিরকম হবে তা নিয়ে আমরা এখনো কাজ করছি।
 
বৈঠকের জন্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর করবেন জেনারেল কিম। এর আগে আজ বুধবার বেইজিং-এ সফর করেন তিনি।
 
উল্লেখ্য, কিম জং উনের সঙ্গে আসন্ন ট্রাম্প-কিম বৈঠক নিয়ে আলোচনা করতে সাম্প্রতিক সপ্তাহে দুইবার উত্তর কোরিয়া সফর করেছেন পম্পেও।
 
ইত্তেফাক/ জেআর