ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মামার লাঠির আঘাতে ভাগ্নে তায়েব আলী (৩৫) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার পুটিয়া বাজারে বুধবার বিকেল ৫টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
তায়েব আলী পুরাপুটিয়া গ্রামের (মারুয়াকান্দি) আক্কাছ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, তায়েব আলীর মামা ময়েজ উদ্দিন মজুর কাছে পুরাপুটিয়া গ্রামের দিনমজুর সাব্বির হোসেন পাওনা টাকা চাইতে গেলে মারধর করেন। এ ঘটনা তায়েব আলীকে জানান সাব্বির।
ময়েজ উদ্দিনকে বুধবার বিকেলে পুটিয়া বাজারে পেয়ে তায়েব আলী বিষয়টি জানতে চান। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এক পর্যায়ে ময়েজ উদ্দিন প্রকাশ্যে তার ভাগ্নের মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন। তায়েবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১১টার দিকে ফুলপুর থানার ওসি একে এম মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে ইত্তেফাককে বলেন, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ আরকেজি
