সেনাদের মানবাধিকার লঙ্ঘন : তদন্ত কমিশন গঠনের ঘোষণা মিয়ানমারের

আপডেট : ০১ জুন ২০১৮, ১০:৩৯
 
মিয়ানমার সরকার শেষ পর্যন্ত রাখাইনে সেনা বাহিনীর বিরুদ্ধে ওঠা জাতিগত নিধন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়েছে, রাখাইনে একটি সমন্বিত, শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ তৈরিতে জাতীয়ভাবে এই উদ্যোগ নেয়া হয়েছে। এই কমিশন গঠনের ক্ষেত্রে আনান কমিশনের সুপারিশ বিবেচনায় নেয়া হয়েছে।
 
গত বছরের ২৫ আগস্ট আরসা বিদ্রোহীদের হামলার পর সেনা অভিযান পরিচালনায় মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন অপরাধের অভিযোগ তদন্ত করবে এই কমিশন। তিন সদস্যের কমিশনে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকবেন। কমিশনকে সহযোগিতা করবেন মিয়ানমারের বিশেষজ্ঞরা।
 
উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্টে রাখাইনে সেনাবাহিনীর অভিযানের পর থেকে বাংলাদেশে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণের অভিযোগ করেছেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ