‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরাম নিহতের অডিও নিয়ে তোলপাড়

আপডেট : ০২ জুন ২০১৮, ১২:৪৯
কক্সবাজারের টেকনাফে ‌‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মো. একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ডকরা অডিও প্রকাশ পেয়েছে। প্রকাশের পর সামাজিক নেটওয়ার্কে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 
গত ২৬ মে রাতে টেকনাফ পৌর কাউন্সিলর একরাম ‘বন্দুকযুদ্ধে’ মারা যান বলে দাবি করে র‌্যাব। ওই দিনের ঘটনার সময় রাতে একরামের মোবাইল ফোনে তার সঙ্গে স্ত্রী ও সন্তানরা কয়েক দফা কথা বলেন। ‘বন্দুকযুদ্ধের’ সময়ও একরামের ফোন কলটি সচল ছিল। যা তার স্ত্রীর ফোনে রেকর্ড হয়। বৃহস্পতিবার কক্সবাজারে সংবাদ সম্মেলন করে একরামের স্ত্রী আয়েশা খাতুন ঘটনার বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে অডিওটি গণমাধ্যমকে সরবরাহ করেন। ওই অডিওতে বন্দুকযুদ্ধের ‘ভয়ঙ্কর’ মুহূর্ত সরাসরি উপলব্ধি করেছেন নিহত একরামের স্ত্রী ও দুই কন্যা। সংবাদ সম্মেলনে আয়েশা খাতুন তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তাকে বাসা থেকে র‍্যাব এবং ডিজিএফআই এর স্থানীয় দুইজন কর্মকর্তা ডেকে নেওয়ার পর হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
 
এদিকে, অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আলোচনা-সমালোচনার মধ্যেই র‌্যাব সদর দফতর থেকে বলা হয়েছে, অডিও ক্লিপটি খতিয়ে দেখছে র‌্যাব সদর দফতর। বিষয়টি তারা তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়টি নিয়ে খোলাসা করবে র‌্যাব। 
 
র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, একরামুলের পরিবারের পক্ষ থেকে সরবরাহ করা অডিও ক্লিপটি র‌্যাবের হাতে এসেছে। আমরা সেই ক্লিপটি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 
 
ইত্তেফাক/কেকে