বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩ দিনমজুর নিহত

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৬:১০
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ছোনকা বাজারে কাভার্ড ভ্যানের চাপায় ৩ দিনমজুর নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের শাহ মাহমুদ (৪০), মহসিন আলী (৫৫) ও সাদেক আলী (৬০)।
 
পুলিশ জানায়, রবিবার সকাল ৬টার দিকে নিহতরা ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ দিয়ে দিনমজুরের কাজে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী কাভার্ডভ্যান (ঢাকা-মেট্টো ম-১১-৪৪৮) শেরপুরের ছোনকা বাজারের দক্ষিণে তেলপাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
 
এ ঘটনায় আহত ইদ্রিস আলীকে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।
 
শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু