কাশ্মীরে ঢুকতে পাকিস্তানি জঙ্গিদের প্রলুব্ধ করছেন মাসুদ আজহার

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৭:৩১
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযান বন্ধ থাকায়, এই সুযোগে সেখানে প্রবেশ করার জন্য পাকিস্তানি জঙ্গিদের প্রলুব্ধ করছেন জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের প্রধান মাসুদ আজহার। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও বার্তায় মাসুদ আজহারকে এমন কথা বলতে শোনা গেছে।
 
এতে মাসুদ আরো বলছেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী অভিযান বন্ধ রেখেছে। এর ফলে কিন্তু আমাদের সামনে নতুন সুযোগ এসে গেছে। সেনা অভিযান বন্ধ হওয়ায়, আমাদের তরফ থেকে আরো বেশি গুলির সাক্ষী হবে কাশ্মীর।’
 
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মাসুদ বলেছেন, যে সব হিজবুল নেতা বন্দি রয়েছেন, তারা যেন নিজেদের একা বলে না ভাবেন। তাদের জেল থেকে উদ্ধারের জন্য সব রকমের চেষ্টা চালাবে জইশ-ই-মুহম্মদ।
 
মাসুদ আজহারকে আটকের ব্যাপারে ভারত চাপ প্রয়োগ করলেও অনড় পাকিস্তান। ভারতীয় গোয়েন্দারা জানাচ্ছে যে, পাকিস্তানের ভাওয়ালপুর এলাকার ঘাঁটিতে নতুন জঙ্গি নিয়োগের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। পাশাপাশি ভারতে হামলার ছক কষছেন। এদিকে গোয়েন্দাদের আরো আশঙ্কা, সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই জইশের একটি দল ঢুকে পড়েছে জম্মু-কাশ্মীরে। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু