যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি চীনের

আপডেট : ০৩ জুন ২০১৮, ১৯:৫০
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য বিষয়ক চুক্তি বাতিল করা হতে পারে বলে হুমকি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চীনা পণ্য আমদানির ওপর শুল্ক আরোপ করে তাহলে দেশ দু’টির মধ্যে সম্মত হওয়া চুক্তি বাতিল করবে চীন। এ  খবর দিয়েছে আল জাজিরা।
 
রবিবার চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক বিবৃতি উদ্ধৃত করে খবরে বলা হয়, ওয়াশিংটন যদি শুল্ক আরোপ কার্যকর করে তাহলে দুই দেশের মধ্যে আলোচিত সকল অর্থনৈতিক ও বাণিজ্যিক অর্জন বাতিল হয়ে যাবে।
 
মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, চীনের সঙ্গে চুক্তিতে সম্মত হওয়ার পরও ঘোষিত শুল্ক আরোপ কার্যকর করা হবে। বেইজিংয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা স্তিমিত হবে বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে তেমনটি নাও ঘটতে পারে।
 
বেইজিং জানিয়েছে, দুই পক্ষের আলোচনায় কৃষি ও জ্বালানী পণ্য আমদানির বিষয়ে ইতিবাচক ও দৃঢ় অগ্রগতি হয়েছে। তবে এখন উভয় পক্ষ বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
 
সিনহুয়ার বিবৃতিতে বলা হয়, চীন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সকল দেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধিতে ইচ্ছুক। কিন্তু বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, সকল পদক্ষেপ কেবল বাণিজ্য যুদ্ধ এড়ানোর জন্য নেয়া হয়েছে।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশ পরস্পরের ওপর ১৫০০ কোটি ডলারের বেশি সমমূল্যের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে।
 
ইত্তেফাক/ জেআর