কানাডা, মেক্সিকো এবং ইউরোপের দেশ থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটনের ওই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এর পরোক্ষ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে ঢাকা। এ নিয়ে রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থাকে পাশ কাটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত পর্যালোচনা না করলে বিশ্ব অর্থনীতিতে আস্থার সংকট দেখা দিতে পারে। এমনকি বাণিজ্য যুদ্ধেরও সূচনা হতে পারে।
বৈঠকে কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইস্পাত ও অ্যালুমিনিয়াম উত্পাদনকারী দেশের কারখানার ওপর প্রভাব পড়বে। এসব জিনিসে বাজারে অস্থিরতা তৈরি হবে। এটিই উদ্বেগের সবচেয়ে বড় কারণ। এছাড়া শুল্ক আরোপের কারণে দেশগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হলে বিশ্ব বাণিজ্য কমবে। বাংলাদেশের রপ্তানিও কমে যাবে। আর বিশ্ব মন্দা দেখা দিলে বাংলাদেশের রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব পড়বে।
ইত্তেফাক/এমআই
