ইন্দোনেশিয়ার নর্থ সুলাওয়েসি প্রদেশে অবৈধ স্বর্ণ খনি এলাকায় ভূমিধসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রচুর বর্ষণের কারণে বোলাং ম্যাগোন্দো জেলার বাকান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। রবিবার তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সিনহুয়া।
খবরে বলা হয়, প্রাথমিক খবরে পাঁচ জন শ্রমিক মৃত্যুর খবর পাওয়া যায়। রবিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। আরো একজন শ্রমিক ধ্বসের নিচে চাপা পড়ে আছেন। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন।
যেখানে এই ঘটনা ঘটেছে ওই এলাকাটি পাহাড়ি ও ঢালু। সেখানে প্রায়ই ভূমিধ্বস ঘটে থাকে। শ্রমিকেরা ভারী বর্ষণ হওয়া সত্তেও খননের কাজ অব্যাহত রেখেছিল। খনিটির নিকটে বসবাসকারী স্থানীয়দের দাবি, খনিটিতে খনিজ পদার্থের জন্য খনন করার অধিকার তাদের রয়েছে।
এলাকাটিতে কেন্দ্রীয় সরকার স্বর্ণ খননের বিরুদ্ধে অল্প পরিসরের নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কিন্তু স্থানীয় কর্মকর্তা ও পুলিশরা ওই নিষেধাজ্ঞা কার্যকরে তেমন সক্রিয় ভূমিকা পালন করেনা।
কেননা বেশিরভাগ ক্ষেত্রেই এইসব খনন থেকে তারাও লাভবান হন। এছাড়া এই খননই আশপাশের কয়েক হাজার মানুষের জীবিকা অর্জনের একমাত্র উপায়।
ইত্তেফাক/ জেআর
