‘বালিঘর' ছবিতে থাকছেন না তিশা

আপডেট : ০৪ জুন ২০১৮, ১৬:২৬
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে কিছুদিন আগে কলকাতার নির্মাতা অরিন্দম শীল বেশ ঘটা করেই ‘বালিঘর’ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। বালিঘর ছবির তারকা হিসেবে চূড়ান্ত করা হয়েছিল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, আরেফিন শুভ, নওশাবাকে।কিন্তু সোমবার দুপুর ৩টা ৩৫ মিনিটে তিশা তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এই ছবিতে কাজ না করার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিশার স্ট্যাটাস থেকে জানা যায়, শিডিউলঘটিত জটিলতার কারণে সিনেমাটি থেকে নিজে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিশা। 
 
তিশা তার স্ট্যাটাসে লেখেন, ‘আমার ভক্ত এবং দর্শক ভাই-বোনদের উদ্দেশ্যে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি আর গুজবের সুযোগ না থাকে। কলকাতার বিশিষ্ট পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিটি আমি আর করছি না। শিডিউলঘটিত জটিলতার কারণে আমি সেই ছবিটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে পরিচালকের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং আমরা সকল প্রকার সৌজন্য বজায় রেখেই একমত হয়েছি। আমি ছবিটার জন্য শুভ কামনা জানিয়ে রাখছি।’
 
‘বালিঘর’ যৌথ প্রযোজনার ছবি। এটি কলকাতার হয়ে প্রযোজনা করছে নাথিং বিয়ণ্ড সিনেমা ও বাংলাদেশ থেকে প্রযোজনা করবে বেঙ্গল ক্রিয়েশনস। 
 
ইত্তেফাক/রেজা