জার্মানির হয়ে অবশেষে ম্যাচ খেললেন গোলরক্ষক মানুয়েল নয়্যার। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানরা ২-১ গোলে হেরেছে। প্রতিবেশী এই দেশের কাছে ৩২ বছর পরে প্রথম হারল জার্মানি। শুধু তাই নয়, শেষ পাঁচ ম্যাচে জয় নেই জোয়াকিম লো-র শিষ্যদের। ১৯৮৭-’৮৮ সালের পরে এতোদিন টানা জয়হীন থাকেনি জার্মানি। আর লো’র কথা শুনে মনে হয়েছে, এই ম্যাচ থেকে তার একটাই প্রাপ্তি। নয়্যারের নব্বই মিনিট মাঠে থাকা।
রাত ফুরোলেই বিশ্বকাপের চূড়ান্ত তেইশ বেছে নেওয়ার শেষ দিন। বাঁ পায়ের চিড় থাকায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জার্মানির এই অভিজ্ঞ গোলরক্ষক। লো তাকে রাশিয়াগামী সম্ভাব্য দলে রেখেছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোমবার। অস্ট্রিয়া ম্যাচে বিশ্রী ও অদ্ভুত গোল খেলেও নয়্যারের কিন্তু প্রশংসাই করলেন বিশ্বজয়ী জার্মানির কোচ। যা থেকে ধারণা করা হচ্ছে বায়ার্ন মিউনিখের গোলরক্ষককে রাশিয়াতে নিয়েই যাবেন। লো বলেছেন, ‘আমি তো নয়্যারের প্রত্যাবর্তনকে বেশ ভালই বলব। দুই-তিনটি ভাল সেভও করেছে।’ তিনি এটাও বলেছেন, ‘মানুয়েলকে কালই নিয়ে বসব। কথা বলব। অস্ট্রিয়া ম্যাচে কিন্তু ওর সমস্যা হয়নি। অনুশীলনেও সুস্থ স্বাভাবিক ছিল।’’
রাশিয়ায় রওনা হওয়ার আগে জার্মানি শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে আগামী শুক্রবার। আর বিশ্বকাপে তাদের খেতাব রক্ষার লড়াই শুরু হচ্ছে ১৭ জুন মেক্সিকো ম্যাচ দিয়ে। জার্মানির গ্রুপে মেক্সিকো ছাড়া রয়েছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। জার্মানি এখন অনুশীলন করছে ইতালির তিরোলে। কিন্তু অস্ট্রিয়ার বিরুদ্ধে তার সেরা চার জন— টোনি খোস, ম্যাটস হুমেলস, জেহোম বোয়াটেং, থমাস মুলারকে নামাননি। চার জনই ইতালিতে থেকে গিয়েছেন। তা সত্ত্বেও খেলার প্রথমার্ধে জার্মানির যথেষ্ট দাপট ছিল।
লো কিন্তু এই হারের পরে বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বলেছেন, ‘এই হার উদ্বেগ বাড়িয়ে দিল। যা ভেবেছিলাম তার অনেক কিছুই আমার ছেলেরা মাঠে নেমে করে দেখাতে পারেনি।’ সঙ্গে যোগ করলেন, ‘দলের খেলার অনেক জায়গা বেশ খারাপ লেগেছে। আমরা নিজেরাই নিজেদের বোকা বানাতে পারি না। বিশ্বকাপে ভাল কিছু করতে হলে আগামী দু’সপ্তাহ প্রচুর খাটতে হবে।’
ইত্তেফাক/কেআই
