সাভারে অভিযান চালিয়ে চোলাই মদের কারখানা থেকে ৪১ লিটার বাংলা মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাতে সাভারের মজিদপুর এলাকার জনৈক সবুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদের এ কারখানা সন্ধান পায় পুলিশ। এ সময় সেখান থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো নাসির উদ্দিন (৪০) ও আজিজুল হক লিটন (৩৫)।
পুলিশ জানায়, আটক দুই মাদক ব্যবসায়ী সবুর আলমের চার তলা বাড়ির একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুইটি ড্রামে ভর্তি ৪১ লিটার চোলাই মদ উদ্ধার করে। আটক দুই মাদক ব্যবসায়ী বর্তমানে সাভার মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
আটক মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন ঝালকাঠি সদর থানার মকরমপুর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে এবং আজিজুল হক লিটন বরিশাল জেলার মুলাদি থানার মৃত আউয়াল হাওলাদারের ছেলে।
অন্যদিকে রাতে একই সময়ে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে বাবর (২৫) ও রঞ্জু মোল্ল্যা (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
