ভারতে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৩:০৬
ভারতের গুজরাট অঙ্গরাজ্যের কুচ জেলায় দেশটির বিমানবাহিনীর এক যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত হয়েছে। বিমানটি জামনগর বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বলে জানা গেছে। এ খবর দিয়েছে এনডিটিভি।
 
খবরে বলা হয়, ভারতীয় বিমান বাহিনীর(আইএএফ) একটি যুদ্ধবিমান গুজরাটের জামনগর ঘাটি থেকে উড্ডয়ন করে কুচ জেলার একটি গ্রামের পাশে বিধ্বস্ত হয়।
 
স্থানীয়রা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের পাশাপাশি বেশ কয়েকটি গবাদি পশুও মারা যায়। বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযান সম্পন্ন করছিল।
 
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ভারতে বিমান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কয়েক মাস আগেই একটি আইএএফ হেলিকপ্টার আসাম রাজ্যের মাজুলি দ্বীপে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় হেলিকপ্টারটির দুই পাইলট মারা যান।
 
গুজরাটে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনিষ ওঝা বলেন, আজকের সকালে একটি জাগুয়ার বিমান জামনগর থেকে একটি নিয়মিত প্রশিক্ষণ অভিযান সম্পন্ন করার সময় ১০:৩০ এর দিকে বিধ্বস্ত হয়।
 
ইত্তেফাক/ ডেস্ক