ঈদে মহাসড়কে ট্রাক-লরি চলাচলের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান

আপডেট : ০৫ জুন ২০১৮, ১৮:৪১
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে ট্রাক-লরি ও কাভার্ডভ্যান ৬ দিন বন্ধ রাখার সরকারি ঘোষণা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে সমিতির কেন্দ্রীয় কার্যালয় এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। 
 
বৈঠক সম্পর্কে সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে এজন্য সরকার ঈদের আগে তিনদিন এবং পরে তিনদিন সড়ক মহাসড়কে ট্রাক লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা প্রতিবছরই করে থাকে। কিন্তু প্রতিবারই দেখা যায় এ নিষেধাজ্ঞা অনেকেই তোয়াক্কা করে না। ফলে প্রায়ই দেখা যায় ঈদের সময় দুর্ঘটনা ঘটছে। তবে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে পচনশীল দ্রব্য, পোশাকসামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া ও জ্বালানি বহনকারী ট্রাক ও এ জাতীয় যানবাহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আর  এসব পণ্যবহনকারী যানবাহনের চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোরও অনুরোধ জানানো হয় বৈঠকে।
 
ইত্তেফাক/এমআই