খাদ্য গুদাম থেকে চাল আত্মসাৎ, ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৫:৪২

দুর্নীতির মাধ্যমে নারায়ণগঞ্জ বন্দরে সিএসডি খাদ্য গুদাম থেকে ৯৯.৮৮০ মেট্রিক টন চাল আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক একরামুর রেজা বাদী হয়ে মঙ্গলবার সকালে ৩জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

 

আসামিরা হলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডস্থ পাঠানটুলি ওয়ার্নস রোড এলাকার সামছুদ্দিন প্রধানের ছেলে লৌহজং মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম, ২৪৬-বি দক্ষিণ কাজলা নয়ানগর যাত্রাবাড়ী ঢাকা এলাকার ইদ্রিসুর রহমানের ছেলে সহকারী উপ-খাদ্য পরিদর্শক জাকির হোসেন এবং চাঁদপুরের মতলব থানার বালুচর এলাকার গোলাম হোসেনের ছেলে খাদ্য পরিদর্শক ও ব্লক পরিদর্শক আরিফ আহাম্মেদ।

 

জানা গেছে, বন্দরে সিএসডিতে চাকরি করার সময় তারা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য নারায়ণগঞ্জ সিএসডি ৮নং গুদামের ৩৮নং খামাল থেকে ৯৯.৮৮ মেট্রিক টন আমন চাল সরিয়ে ফেলেন। পরে সেখানে নিম্নমানের (গুটি স্বর্ণা) লাল রং এর ৯৯.১০৫ মেট্রিক টন চাল সংরক্ষণ করেন। এতে রাষ্ট্রের ২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ৬শ ৭৫ টাকা ক্ষতি হয় বলে কৃর্তপক্ষ জানিয়েছেন।

 

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, খাদ্য গুদামের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতার অব্যহত রেখেছি।

 

ইত্তেফাক/আরকেজি