ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৭৫, নিখোঁজ ২০০

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৭:৩০
গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২০০ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তিন হাজারেরও বেশী মানুষ। অস্থায়ীভাবে তৈরি মর্গ ও শহরগুলোর ছাইয়ে ঢাকা সড়কে মরিয়া হয়ে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছে পরিবারগুলো। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
খবরে বলা বলা হয়, লাভার স্রোতে চাপা পড়া গ্রাম এল রোদেওর ধ্বংসস্তূপ থেকে আরও লাশ উদ্ধার করার পর নিহতের ঘোষিত সংখ্যা বৃদ্ধি করেছে গুয়াতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, কনরেড। কনরেড জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ১৯২ জন মানুষ। এখন পর্যন্ত নিহতদের মধ্যে মাত্র ১৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
 
আগ্নেয়গিরিটি থেকে ৩০ কিলোমিটার দূরে এসকুইন্তলা শহরে অস্থায়ী একটি মর্গ স্থাপন করা হয়েছে। এখানে লাশগুলোর মধ্যে নিখোঁজ স্বজনদের হন্য হয়ে খুঁজছেন তাদের পরিবারের সদস্যরা।
 
IMG0
 
গত ১০০ বছরের মধ্যে রবিবার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় ফুয়েগোর। একের পর এক দেখা গেছে উদগীরণ। আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস। খয়েরি-ধূসর আস্তরণে ঢাকা পড়েছে আগ্নেয়গিরি সংলগ্ন এলাকার বাড়িঘর, গাছপালা।
 
বন্ধ করে দেওয়া হয়েছে গুয়াতেমালার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। বেশির ভাগ এলাকা থেকেই লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে বিপর্যয় মোকাবিলা করার অনুরোধ জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।
 
ইত্তেফাক/ জেআর