চীনে খনিতে বিস্ফোরণ, নিহত ১১

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৩:২১
চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো দু’জন আহত হয়েছেন অন্তত নয় জন। মঙ্গলবারের এই ঘটনায় খনিটিতে আটকা পড়েন ২৩ শ্রমিক। আজ বুধবার তাদেরকে উদ্ধার করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
খবরে বলা হয়, খনিটিতে এক বিস্ফোরণের ঘটনায় আটকা পড়েন শ্রমিকরা। আটকে পড়ার কয়েক ঘণ্টা পর তাদেরকে উদ্ধার করা হয়। বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে এবং অপর দু’জন নিখোঁজ রয়েছে।
 
লিয়াওনিং প্রদেশের বেনজিতে চীনের জাতীয় কয়লা গ্রুপ কোম্পানির অঙ্গ-প্রতিষ্ঠান হুয়ামির গ্রুপের আকরিক লোহা খনিতে মঙ্গলবারের বিস্ফোরণে অপর নয়জন কর্মী আহত হয়েছেন।
 
সিনহুয়ার খবরে বলা হয়, খনিটির প্রায় এক কিলোমিটার গভীরে শ্রমিকরা বিস্ফোরক নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে। এতে খনির উত্তোলন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। 
 
এ বিস্ফোরণের পর স্থানীয় সময় বুধবার ভোর ৫ টা ২০ মিনিটের দিকে খনি থেকে ছয় শ্রমিককে উদ্ধার করা হয়। দুই ঘণ্টা পর সেখান থেকে আরো ১৭ জনকে বের করে আনা হয়।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃতরা সুস্থ আছেন। নিখোঁজ দু’জনের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। বাসস।
 
ইত্তেফাক/ জেআর