কাশ্মীর সীমান্ত রেখা বরাবর ৩ জঙ্গি নিহত

আপডেট : ০৬ জুন ২০১৮, ১৪:১৪
কাশ্মীরকে বিভক্ত করা সীমান্ত নিয়ন্ত্রণ রেখা(লাইন অফ কন্ট্রোল) বরাবর তিন জঙ্গিকে হত্যা করে তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সেনাবাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
 
খবরে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ভারতীয় সৈন্যরা তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দেয়।
 
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, ওই জঙ্গি দল সেখানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করছিল। এ সময় ওই তিন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় অনুসন্ধান অভিযানের প্রক্রিয়া চলছে।বাসস।
 
ইত্তেফাক/ জেআর