মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে নিজের ফোনালাপকে ‘সসেজের মতো’ বলে বর্ণনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, কি আলোচনা হয়েছে তা ব্যাখ্যা না করাই ভাল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ম্যাক্রনকে তার ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার গত সপ্তাহের একটি ফোনকল সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। সিএনএনের এক প্রতিবেদনের বরাত দিয়ে জিজ্ঞেস করা ওই প্রশ্নের জবাবে ম্যাক্রন জানান, ফোনকলটি ছিল ভয়ানক।
উনবিংশ শতাব্দীর প্রুসিয়ান রাষ্ট্রনায়ক অট্টো ভন বিসমার্ককে উদ্ধৃত করে ম্যাক্রন বলেন, আমরা যদি মানুষের কাছে এটা ব্যাখ্যা করি যে সসেজ কিভাবে বানায়, খুব সম্ভবত তারা আর সসেজ খেতে চাইবেন না। আমার পছন্দ হচ্ছে, মানুষকে একটি তৈরি করা খাবার খেতে দেখা। কিন্তু আমি এখনো নিশ্চিত নই রান্নাঘরের বর্ণনা ওই খাবার সরবরাহ করতে বা খেতে কোন সাহায্য করবে।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ফোনকলে ম্যাক্রন বলেছিলেন যে, ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়টি অবৈধ ও ভুল। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনার বিষয়বস্তু ছিল বাণিজ্য ও অভিবাসন। বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি।
ইত্তেফাক/ জেআর
