ইরাকের রাজধানী বাগদাদে এক শিয়া মসজিদে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯০ জনের বেশি। বুধবার সদর সিটি জেলায় এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, বুধবারের বিস্ফোরণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মসজিদে বিস্ফোরণটি ঘটেছে সেখানে প্রায়ই শিয়া নেতা মুকতাদা আল সদরের সমর্থকরা প্রার্থনা করতে যান।উল্লেখ্য, ইরাকে অনুষ্ঠিত সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে সদরের নেতৃত্বাধীন সাইরুন জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি নিয়ে একটি তদন্ত চালু করেছেন নিরাপত্তা বাহিনী।
পুলিশের এক সূত্র জানিয়েছে, গোলাবারুদের একটি ভাণ্ডারে বিস্ফোরণ ঘটালে এই ঘটনা ঘটে।গোলাবারুদের ভাণ্ডারটি মসজিদে জমা করে রাখা হয়েছিল। সেগুলো একটি গাড়িতে নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে।
তবে প্রাথমিকভাবে টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে একটি মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি প্রচার করে। ওই মুখপাত্র ঘটনাটিকে, বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী সংগঠনের আগ্রাসন হিসেবে বর্ণনা করেন। পুলিশের সূত্র ও মন্ত্রণালয়ের মুখপাত্রের মধ্যে অসাদৃশ্যের কারণ নিয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
বুধবার সকালে ইরাকের পার্লামেন্ট ১২ মে অনুষ্ঠিত নির্বাচনের ১ কোটি ১০ লাখ ভোট পুনরায় গণনা করার পক্ষে ভোট দিয়েছে। পাশাপাশি নয় সদস্য বিশিষ্ট স্বাধীন নির্বাচনী কমিশনকে বাতিল বলে ঘোষণা করেছে পার্লামেন্ট।
এই নির্বাচন কমিশন গত মাসের নির্বাচনের পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখার দায়িত্বে ছিল। কমিশনের জায়গায় বিচারকদের নিয়ে গঠিত একটি দলকে বসানো হয়েছে।
ইত্তেফাক/ জেআর
