অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত আগামী ২০১৮-১৯ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় হিসেবে মোট ১৩ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ বরাদ্দের প্রস্তাব করেন। গত ২০১৭-১৮ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ ও প্রশিক্ষণ, বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ, মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন, মৃত্তিকা জরিপ, মাটির গুণাগুণ পরীক্ষা ও সুপারিশ, কৃষি পণ্যের সংরক্ষণ ও বিপনন, কৃষিতে সহায়তা ও পুনর্বাসন, কৃষি উপকরণ ও যন্ত্রপাতি উদ্ভাবন, সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র সেচ কার্যক্রমের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন।
২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২), কৃষি ও গবেষণা কার্যক্রম, ক্ষুদ্র সেচ প্রকল্প ও কর্মসূচি, উন্নতমানের বীজ উৎপাদন, বিতরণ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় বন্যা, খরা ও লবনাক্ত সহিষ্ণু ও পুষ্টি সমৃদ্ধ ফসলের জাত উদ্ভাবন ও বীজ উৎপাদন এবং হাইব্রিড বীজ উৎপাদন, সারের প্রয়োজনীয়তা নিরুপণ এবং নির্ধারিত মূল্যে সার সরবরাহ ও বিতরণ, কৃষি পূনর্বাসন কার্যক্রম, সার ও অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি ও সহায়তা প্রদান, কৃষি জমির যথাযথ ব্যবহার ও সারসহ অন্যান্য কৃষি উপকরণের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষির সঙ্গে সম্পৃক্ত সকলকে সচেতন করা, মাঠ পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে বাজারজাতকরণ, আধুনিক চাষাবাদের কলাকৌশল কৃষক পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণ এবং ফাইটোস্যানেটারি কার্যক্রম জোরদারকরণ প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে। বাসস
ইত্তেফাক/ইউবি
