মাঝারি ধরণের বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৪:৪২
 
দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজশাহী, পাবনা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানিয়েছে।
 
পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
পূর্বাভাসে আরো বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরো অগ্রসর হওয়ায় অবস্থা অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ