আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৮, ১৬:৩৯
আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয় আরও দুই জন। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কিশোর সদর উপজেলার রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে রিয়াদ (১৩)।
 
স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনার সাথে তাল মিলিয়ে চলছে হবিগঞ্জও। এখানেও বিভিন্ন বাড়ির ছাড়ে শোভা পাচ্ছে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা। শুক্রবার দুপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে রিয়াদ নিজের বাড়ির টিনের চালায় উঠে। এ সময় সে ঘরের উপর দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে যায় প্রতিবেশী জিতু মিয়ার ছেলে সেলিম (২৮) ও হারুন মিয়ার ছেলে শরীফ (৭)। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা আহত হয়। 
 
গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌছার পূর্বেই সে মারা গেছে।
 
ইত্তেফাক/কেআই